admin_news ২০ এপ্রিল ২০২৬ , ৩:০৪ পিএম প্রিন্ট সংস্করণ
তানজিল মাহমুদ সিয়াম, সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শহিদুল বারী বাবুর সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেন।
দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা বিথীকা বিনতে হোসাইন স্বামীর আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছেন। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এলাকায় দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক সক্রিয়তা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করা এই নেত্রী ‘অর্পণ আলো’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে অসহায় ও নির্যাতিত মানুষের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছেন, যা স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রয়াত শহিদুল বারী বাবু বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন পরিচিত নেতা ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি দীর্ঘ সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হন।
এদিকে, গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।











