admin_news ৬ এপ্রিল ২০২৬ , ১১:৪৯ এএম প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৩ থেকে ১৪ বছর ধরে থানা কমিটি না থাকায় খুলনা মহানগরীর থানা যুবদলগুলোতে চরম সাংগঠনিক স্থবিরতা বিরাজ করছে। নেতৃত্বের অভাব, সমন্বয়হীনতা এবং শৃঙ্খলার অবক্ষয়ে সংগঠনটি এখন অনেকটাই দিকহারা হয়ে পড়েছে—এমন অভিযোগ উঠেছে তৃণমূল নেতাকর্মীদের মধ্য থেকেই।

সম্প্রতি দৌলতপুর থানা যুবদলের এক প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “দীর্ঘদিন কমিটি না থাকায় সংগঠন দুর্বল হয়ে পড়েছে। সিনিয়র-জুনিয়রের কোনো মূল্যায়ন নেই, শৃঙ্খলা ভেঙে পড়েছে। সবাই ব্যস্ত নিজেদের লোক তৈরি করতে।” তার এই বক্তব্য ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা, গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই দীর্ঘদিন ধরে থানা পর্যায়ের কমিটি গঠন প্রক্রিয়া আটকে আছে। একাধিক সূত্র বলছে, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের পরিবর্তে ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দেওয়ার প্রবণতাও এ সংকটকে দীর্ঘায়িত করেছে। আবার অনেক ক্ষেত্রে যুবদলের যারা প্রার্থী তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ থাকায় এই কমিটি বিলম্ব হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি সংগঠনের প্রাণ হলো তার সাংগঠনিক কাঠামো। দীর্ঘদিন নেতৃত্বহীনতা চলতে থাকলে সেখানে বিশৃঙ্খলা, হতাশা ও বিভক্তি তৈরি হওয়াই স্বাভাবিক। খুলনার যুবদলের বর্তমান পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়।
তৃণমূলের দাবি, অবিলম্বে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় থানা যুবদলের কমিটি গঠন করে সংগঠনকে পুনরুজ্জীবিত করতে হবে। নইলে একসময়ের শক্তিশালী এ সংগঠনটি হারিয়ে ফেলবে তার রাজনৈতিক গুরুত্ব ও কার্যকারিতা—এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের।











