admin_news ১২ এপ্রিল ২০২৬ , ৬:০২ পিএম প্রিন্ট সংস্করণ
সৈয়দ উসামা বিন শিহাব, ঢাকা উত্তর ব্যুরো প্রধান: আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ইফ্ফাত আরা জান্নাত দিশা। শনিবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম জমা দেন। বিষয়টি দলীয় কেন্দ্রীয় কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। জানা যায়, নীলফামারী-৩ (জলঢাকা) এলাকার প্রতিনিধিত্ব করে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন দিশা। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং পরিচিত একটি নাম। তিনি জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর সহধর্মিণী।

দলীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ত্যাগ এবং মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকার কারণে দলীয় মনোনয়নের ক্ষেত্রে তিনি নিজেকে শক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তবে চূড়ান্ত মনোনয়ন নির্ভর করছে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর।
এদিকে, তার মনোনয়ন ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দলীয় বিবেচনায় অভিজ্ঞতা ও তৃণমূলের সংযোগকে গুরুত্ব দেওয়া হলে তিনি ইতিবাচক অবস্থানে থাকতে পারেন।











