অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি প্রকৌশলীকে বাঁশ দিয়ে ঠিকাদারের ধাওয়া: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

  admin_news ১৩ এপ্রিল ২০২৬ , ১১:৫৭ এএম প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সরকারি প্রকৌশলীকে বাঁশ দিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলের দিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তার নির্মাণ সামগ্রীর স্তূপের মাঝে নীল শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তিকে বাঁশ হাতে তাড়া করছেন পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি। খোঁজ নিয়ে জানা গেছে ভুক্তভোগী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিবপুর এলাকায় রাস্তার উন্নয়নকাজ পরিদর্শনে যান প্রকৌশলী তরিকুল ইসলাম। সেখানে কাজের গুণগত মান বা কোনো বিষয় নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে পাশ থেকে একটি বাঁশ তুলে নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করতে ধাওয়া করেন।

ঘটনাটি নজরে আসার পর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য **অ্যাডভোকেট এম.এ মান্নান**। তিনি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, “একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেন পলাতক রয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box