অভিযোগ

টিকা কেনায় অনিয়ম: ড. ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত চেয়ে দুদকে আবেদন

  admin_news ১৩ এপ্রিল ২০২৬ , ৭:১৩ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে টিকা কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের আবেদন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই আবেদন দাখিল করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর।
আবেদনে হামসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 আবেদনকারীরা সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, টিকার তীব্র সংকটের কারণেই এই প্রাণহানি ঘটছে, যা বর্তমানে মহামারির রূপ নিয়েছে।
স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বিশাল বাজেট থাকা সত্ত্বেও কেন সময়মতো টিকা ও সিরিঞ্জ কেনা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পর্যাপ্ত অর্থ থাকার পরও এই ব্যর্থতাকে ‘দুর্নীতির ইঙ্গিত’ হিসেবে দেখছেন আবেদনকারীরা।

অভিযোগ করা হয়েছে যে, সাবেক অন্তর্বর্তী সরকার কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই টিকা কেনার প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন এনেছিল, যার ফলে সরবরাহ ব্যবস্থায় ধস নামে।

আবেদনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংকটের জন্য সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছেন। এছাড়া বর্তমান সরকারও বর্তমান টিকা সংকটের জন্য পূর্ববর্তী প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে।

আবেদনকারী আইনজীবীরা জানান, দেশের বিভিন্ন হাসপাতালে হাজার হাজার শিশু বর্তমানে টিকার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যে স্বাস্থ্য খাতে সরাসরি অনিয়মের প্রমাণ পাওয়া যাচ্ছে। জনস্বার্থে এবং দেশের স্বাস্থ্য খাত রক্ষায় এই সম্ভাব্য অর্থ আত্মসাৎ ও জালিয়াতির ঘটনাটি দুদকের মাধ্যমে তদন্ত হওয়া আবশ্যক।
দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া এই আবেদনে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box