অপরাধ

রূপগঞ্জে অটোরিকশা রাখা নিয়ে দ্বন্দ্বে চালককে পিটিয়ে হত্যা: আটক ১

  admin_news ১০ এপ্রিল ২০২৬ , ৬:০৭ এএম প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ীর হামলায় আবদুল লতিফ (৬৬) নামে এক চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বরপা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবদুল লতিফ ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় একটি টায়ার মেরামতের দোকানের সামনে অটোরিকশাটি রেখে প্রস্রাব করতে গিয়েছিলেন। ফিরে আসার পর দোকান মালিক জসিমের সঙ্গে গাড়ি রাখা নিয়ে তার কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে জসিম উত্তেজিত হয়ে বৃদ্ধ লতিফকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান।

​আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজিত জনতা জসিমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত আবদুল লতিফ (৬৬), পিতা- মৃত আব্দুল মতিন। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দক্ষিণ পোড়াগাও এলাকার বাসিন্দা এবং বরপা এলাকায় ভাড়া থাকতেন।

ঘাতক জসিম, পিতা- জাহাঙ্গীর মুন্সি। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আদা বাড়ি এলাকায়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জসিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সাধারণ বাকবিতণ্ডা থেকে বৃদ্ধ চালককে পিটিয়ে হত্যার এই ঘটনাটি স্থানীয় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box