অপরাধ

মিরপুরজুড়ে ডিএমপির বিশেষ অভিযান একদিনেই গ্রেফতার ১৫৩, উদ্ধার মাদক ও দেশীয় অস্ত্র

  admin_news ৭ মে ২০২৬ , ১১:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

সৈয়দ উসামা বিন শিহাব, ঢাকা উত্তর ব্যুরো প্রধান:

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্যাপক বিশেষ অভিযান পরিচালনা করে ১৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির মিরপুর বিভাগের তথ্যমতে, বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে বিভাগের বিভিন্ন থানা এলাকায় একযোগে তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক কারবার দমন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহ আলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন এবং রূপনগর থানায় ১৩ জন রয়েছেন।

ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মিরপুরের কিছু এলাকায় মাদক ও কিশোর গ্যাংকেন্দ্রিক অপরাধ বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। সাম্প্রতিক এই অভিযানে অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box