admin_news ১৯ এপ্রিল ২০২৬ , ৭:০৪ পিএম প্রিন্ট সংস্করণ
তানজিল মাহমুদ সিয়াম, ক্রাইম রিপোর্টার, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুদ ও অধিক দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) আনুমানিক রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মোট ২৪ ড্রাম ভর্তি প্রায় ৮ হাজার ৮শ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা। আটক ব্যক্তি বড়খেরী ইউনিয়নের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম শাকিল বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











