অপরাধ

রাজধানীতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের ঝটিকা মিছিল: ডিএমপি

  admin_news ৩১ অক্টোবর ২০২৫ , ৭:০২ পিএম প্রিন্ট সংস্করণ

dmp
dmp

রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সম্প্রতি ধারাবাহিকভাবে ঝটিকা মিছিল আয়োজন করছে। জনশূন্য সড়কে আকস্মিকভাবে এসব কর্মসূচি পরিচালনার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা প্রদর্শনই তাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

৩১ অক্টোবর মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চলতি বছর এখন পর্যন্ত তিন হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই ঢাকার বাইরের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের কর্মী, যারা পরিকল্পিতভাবে রাজধানীতে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

ডিএমপি সূত্র জানায়, এসব মিছিলে অংশগ্রহণের জন্য যাতায়াত, থাকা-খাওয়ার খরচ এবং অতিরিক্ত আর্থিক প্রণোদনা দেওয়া হয়। পুলিশ বলছে, সংগঠিতভাবে অর্থায়নের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং অর্থের উৎস শনাক্তে তদন্ত চলছে। সম্প্রতি বিভিন্ন অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং ককটেলসহ বহুজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

ডিএমপির মুখপাত্র আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলেও জনমনে আতঙ্কের কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box