admin_news ১৬ নভেম্বর ২০২৫ , ৯:১৫ এএম প্রিন্ট সংস্করণ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিরুদ্ধে পরিচালিত ট্রায়ালের রায় আগামীকাল ঘোষণার কথা থাকায় দেশে এক ধরনের উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিকে ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
রবিবার দুপুরে প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ সৃষ্টি হয়েছে, তা নষ্ট করা যাবে না। সব রাজনৈতিক দলকে ঐক্যের ভিত্তিতে এগিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে অংশ নিতে হবে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক কাঠামোকে নতুনভাবে দাঁড় করানোর চেষ্টা করছে। তবে তা জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—সে মূল্যায়নের সময় এখনো আসেনি। নির্বাচনই গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ উল্লেখ করে তিনি বলেন, নানা বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও আগামী ২৬ ফেব্রুয়ারির নির্বাচন এখন সম্ভাবনার মধ্যে রয়েছে।
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক অঙ্গণে অস্থিরতা তৈরি করে নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করার চেষ্টা করছে। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান—কালবিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি করতে।
অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচিত সরকার না থাকলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।”











