তানজিল মাহমুদ সিয়াম, সিনিয়র ক্রাইম রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারের দেশব্যাপী খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ২নং চরবংশী ইউনিয়নের বিপি-৮, বিপি-১৭ ও পি-২ খালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। উদ্বোধনী মুহূর্তে তিনি নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের সূচনা করেন, যা কার্যক্রমের প্রতি প্রশাসনের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা গাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ।

বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা শক্তিশালী হবে, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং কৃষি খাতে উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তারা আরও উল্লেখ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং টেকসই গ্রামীণ উন্নয়নের ভিত্তি সুদৃঢ় হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}