সৈয়দ উসামা বিন শিহাব,ঢাকা উত্তর ব্যুরো প্রধান:- মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জেলা ও উপজেলা পর্যায়ের সফরকে কেন্দ্র করে অভ্যর্থনা, বিদায় সংবর্ধনা এবং প্রশাসনিক উপস্থিতি নিয়ে নতুন প্রটোকল নির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২০ এপ্রিল) জারি করা এ নির্দেশনা পূর্বের ২০২৪ সালের ২৭ আগস্টের আদেশ সংশোধন করে কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা সদরে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর আগমন ও বিদায়ের সময় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট দপ্তরের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থেকে প্রটোকল সম্পন্ন করবেন। তবে এ কারণে ডিসি বা এসপিকে তাদের নির্ধারিত সরকারি সফর বাতিল বা পরিবর্তন করতে হবে না। তারা অনুপস্থিত থাকলে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তবে সংশ্লিষ্ট মন্ত্রী বিশেষভাবে অনুরোধ করলে ডিসি বা এসপিকে নিজ সফরসূচি পরিবর্তন করে উপস্থিত থাকতে হবে।

উপজেলা পর্যায়ে সফরের ক্ষেত্রে প্রটোকল আরও সহজ করা হয়েছে। উপজেলা সদর বা অন্য কোনো স্থানে সফরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। এ ক্ষেত্রে প্রয়োজন না হলে ডিসি বা এসপির উপস্থিতি বাধ্যতামূলক নয়।

বিদেশ সফর ও প্রত্যাবর্তনের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের সময় মন্ত্রীর ঢাকা ত্যাগ ও প্রত্যাবর্তনের স্থানে তার একান্ত সচিব উপস্থিত থাকবেন—এ বিষয়টি মন্ত্রীর অভিপ্রায়ের ওপর নির্ভর করবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো জেলা বা উপজেলায় যাওয়ার পথে অন্য জেলার বিমানবন্দর বা রেলস্টেশন ট্রানজিট হিসেবে ব্যবহৃত হলে সেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের উপযুক্ত প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার নিজ দপ্তরে অবস্থান করলে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বলা হয়েছে, সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সুপার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। রেলপথে ভ্রমণের ক্ষেত্রে রেলওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট রুটের সব থানা ও ফাঁড়িকে দ্রুত অবহিত করবেন। যেসব স্টেশনে মন্ত্রী নামবেন বা ট্রেন পরিবর্তন করবেন, সেখানে পুলিশ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। চট্টগ্রামগামী রেল সফরে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ সুপারের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে।

সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্টদের কাছে পৌঁছাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। সরকারি বা ব্যক্তিগত সফরের ধরন আগেই পরিষ্কার করতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যানবাহন ও আবাসনের ব্যবস্থা সরকারিভাবেই নিশ্চিত করা হবে। এছাড়া সার্কিট হাউস বা সরকারি রেস্ট হাউসের বাইরে অবস্থান করলেও বিদ্যমান প্রটোকল নীতিমালা অনুসরণ করতে হবে।

নতুন এ নির্দেশনা প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং অপ্রয়োজনীয় প্রটোকল জটিলতা কমাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}