সৈয়দ উসামা বিন শিহাব, ঢাকা উত্তর ব্যুরো প্রধান:- সংযুক্ত আরব আমিরাতে দিনের উজ্জ্বল আলোতে আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার এক বিরল ও ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের সূচনা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আলোচিত এ পর্যবেক্ষণকে ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে ইতোমধ্যেই পবিত্র জিলহজ মাস ও আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য সময় নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা ও প্রস্তুতি।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে চাঁদটির ছবি ধারণ করা সম্ভব হয়। বিশ্লেষণে দেখা যায়, সে সময় চাঁদের বয়স ছিল মাত্র ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি কোণ দূরত্বে অবস্থান করছিল—যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত বিরল ও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঐতিহাসিক চন্দ্র পর্যবেক্ষণটি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। এ অভিযানে তার সঙ্গে ছিলেন পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষক দল—খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ। সংশ্লিষ্টদের মতে, দিনের আলোতে এ ধরনের চাঁদ পর্যবেক্ষণ চন্দ্রচক্র বিশ্লেষণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এদিকে চাঁদ দেখার এই পর্যবেক্ষণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য সময় নিয়ে প্রাথমিক হিসাব প্রকাশ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা ২৭ মে বুধবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা—আরাফাত দিবস—পড়ে যেতে পারে ২৬ মে মঙ্গলবার। তবে ইসলামি বিধান অনুযায়ী, ঈদুল আজহাসহ সব ধর্মীয় উৎসব চূড়ান্তভাবে নির্ধারিত হয় জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে। ফলে এ হিসাবকে প্রাথমিক পূর্বাভাস হিসেবে দেখা হলেও চূড়ান্ত ঘোষণা নির্ভর করবে আনুষ্ঠানিক চাঁদ দেখার ওপর। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সম্ভাবনাও তৈরি হয়েছে। সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এ সময় ৯ দিন পর্যন্ত দীর্ঘ ছুটিতে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যাওয়ার কারণে ধর্মীয় উৎসবগুলোও একদিন পরে পালিত হয়ে থাকে—যা আগামী বছরের ঈদ আয়োজনের সময়সূচিতে ভিন্নতা আনতে পারে।