সৈয়দ উসামা বিন শিহাব ঢাকা উত্তর ব্যুরো প্রধান:- রাজধানীর মিরপুরে এক বৃদ্ধা নারীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিরপুর ১২ নম্বর এলাকার ডি ব্লকের ৮ নম্বর লাইনের একটি বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন এবং আশপাশের শিক্ষার্থীদের পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকায় তিনি নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে জাহান আলমগীর বলেন, ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় এক নারীর নিথর দেহ পাওয়া যায়। সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, যা তদন্তে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের পাশে একটি হাতুড়ি উদ্ধার হওয়ায় হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংস পদ্ধতিতে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই হাতুড়ি দিয়েই হামলা চালানো হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে ইতোমধ্যে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত নারী কারও সঙ্গে বিরোধে জড়িত ছিলেন বলে তাদের জানা নেই। ফলে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছে গভীর রহস্য।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন, হত্যার উদ্দেশ্য নির্ণয় এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}