সৈয়দ উসামা বিন শিহাব ঢাকা উত্তর ব্যুরো প্রধান:- দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঘটনায় টিকা ক্রয় প্রক্রিয়ায় সম্ভাব্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন।আবেদনে দেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব এবং এর ফলে শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আবেদনকারীরা উল্লেখ করেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে—টিকার সংকট, অপর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা এবং দেরিতে টিকাদান কর্মসূচির কারণে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করেছে। এতে শতাধিক শিশুর মৃত্যুর পাশাপাশি আরও বহু শিশু ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আবেদনে বলা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার টিকা সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনলেও প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতির ঘাটতি ছিল। পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও সময়মতো টিকা ও সিরিঞ্জ সংগ্রহ এবং কার্যকর টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থতা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে।

এছাড়া, টিকা ক্রয় প্রক্রিয়া, সরবরাহ ব্যবস্থাপনা এবং অর্থ ব্যয়ের বিষয়ে স্বচ্ছতার অভাব ছিল বলেও অভিযোগ তোলা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনকারীরা আরও বলেন, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে। আবেদনে দাবি করা হয়, স্বাস্থ্য খাতে সম্ভাব্য দুর্নীতি, অনিয়ম ও অর্থ অপব্যবহারের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। জনস্বার্থে এবং শিশুদের জীবন রক্ষায় টিকা ক্রয় ও বিতরণ প্রক্রিয়ার সার্বিক চিত্র উদঘাটনে দুদকের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন আবেদনকারীরা। দুদকের কাছে তারা অনুরোধ জানিয়েছেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের চিহ্নিত করা এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}