সৈয়দ উসামা বিন শিহাব ঢাকা উত্তর ব্যুরো প্রধান:-
রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকি ও দখলবাজির অভিযোগ উঠেছে জাহিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও দৈনিক সমবেলার অনুসন্ধানে জানা গেছে, তিনি নিয়মিতভাবে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের দোকানপাট জোরপূর্বক দখলে নেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে আরও জানা যায়, মিরপুর-১১ নম্বর বাজার রোড এলাকার একাধিক ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি দিয়ে জাহিদ ১০ দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এতে করে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এলাকাবাসীর অভিযোগ, জাহিদ পূর্বে স্থানীয় আওয়ামী লীগের সাবেক কমিশনার নান্নুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে বিএনপির সাবেক কাউন্সিলর বেগম মেহেরুন্নেসা হকের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করছেন। অনুসন্ধানে আরও উঠে এসেছে, তিনি ওই সাবেক কাউন্সিলরের আত্মীয় (ভাগ্নি জামাই) পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন।
স্থানীয়দের দাবি, এই পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে জাহিদ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তিনি বড় বড় ব্যবসায়ীদেরও ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহানের প্রতি আস্থা রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, “এ ধরনের চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিয়ে এলাকা থেকে উৎখাত করতে হবে এবং আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।”
এলাকাবাসীর মতে, ওসি আলমগীর জাহান দায়িত্ব নেওয়ার পর থেকেই পল্লবী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। তাই তারা আশা করছেন, এই ঘটনাতেও দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।