সৈয়দ উসামা বিন শিহাব ঢাকা উত্তর ব্যুরো প্রধান: প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক তথ্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নতুন করে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত সকল দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া কিংবা অন্যান্য মাধ্যমে প্রচারের ক্ষেত্রে উল্লিখিত দুই কর্মকর্তা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাহদী আমিন বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উল্লেখযোগ্য। রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দলীয় মুখপাত্র হিসেবেও দায়িত্বে ছিলেন।

শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং রাষ্ট্রীয় সংস্কার সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তার সম্পৃক্ততা রয়েছে। ২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে দলের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী দীর্ঘদিনের অভিজ্ঞ গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা ও চ্যানেল আইসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা অঙ্গনে তার নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া চারদলীয় জোট সরকারের সময়ে তিনি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন এবং প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সরকারের তথ্য ব্যবস্থাপনা ও গণমাধ্যমে সমন্বিত বার্তা প্রচারে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}