আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাস হওয়ার পরপরই নির্বাচনের ঘোষণা আসবে এবং সেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।
প্রতিমন্ত্রী জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের যেসব ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদেরই জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দলীয় বিবেচনায় নিয়োগ পেলেও প্রশাসকদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু তারা ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন, তাই নিজেদের স্বার্থেই তারা নিরপেক্ষভাবে কাজ করবেন।”
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।