ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে এসব কৃষি উপকরণ জব্দ করা হয়।

সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে এমন অভিযোগ পাই। পরে সেখানে গিয়ে আমরা সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় জানতে চাইলে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ড. হাবিবুর রহমান বলেন, কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করতে করতে রাত হয়ে যাওয়ায় সেগুলো কার্যালয়ে রাখা হয়েছিল। তিনি দাবি করেন, “শনিবার সকালে বাকি উপকরণগুলো কৃষকদের মাঝে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে জানিয়ে বিষয়টি অন্যভাবে উপস্থাপন করছে। এগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যে রাখা হয়নি।”

অভিযানের পর উদ্ধারকৃত সার ও বীজ কৃষি বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}