সৈয়দ উসামা বিন শিহাব, ঢাকা উত্তর ব্যুরো প্রধান: রাজধানীর আগারগাঁও-মিরপুর সংলগ্ন এলাকায় অবস্থিত Green University of Bangladesh-এর বিবিএ বিভাগের এক শিক্ষার্থীর অপারেশনের পর রহস্যজনক মৃত্যুর ঘটনায় শিক্ষার্থী সমাজ, পরিবার ও সহপাঠীদের মাঝে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নুসরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৯ মে ২০২৬) অসুস্থ অবস্থায় নুসরাতকে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় অবস্থিত Islami Bank Hospital-এর কার্ডিয়াক শাখায় ভর্তি করা হয়। একই দিন তার জরায়ু সংক্রান্ত একটি অপারেশন সম্পন্ন করা হয়। স্বজনদের দাবি, অপারেশন শেষ হওয়ার পরপরই তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে আইসিইউতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার আকস্মিকতা ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে পরিবার এবং সহপাঠীদের মধ্যে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। নুসরাতের মা, স্বামী ও সহপাঠীরা অভিযোগ করে বলেন, অপারেশনের পূর্বে রোগীর অবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং চিকিৎসা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য তাদের জানানো হয়নি। তারা এই মৃত্যুকে “রহস্যজনক” দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নিহতের স্বজনরা সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আবেদন জানিয়ে বলেন, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর যদি চিকিৎসায় কোনো গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে নুসরাতের মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, একটি তরুণ প্রাণ অপারেশনের পর এভাবে মৃত্যুবরণ করায় পুরো ক্যাম্পাসে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।