স্টাফ রিপোর্টার: খুলনা-৩ আসনে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে জমি দখল ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাবেক সরকারের সময় ক্ষমতার ছত্রছায়ায় যেসব ব্যক্তি ও গোষ্ঠী দখল-বাণিজ্যে জড়িত ছিল, সরকার পতনের পরও তারা নতুন পরিচয়ে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, সাবেক মন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহাবুদ্দিনের সঙ্গে মিলেই তার ভাই এবং সহযোগীরা বিভিন্ন স্থানে দখল ও লুটপাটে জড়িত ছিলেন। এ চক্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামীম রেজা রাসেল, যিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, নিজেকে প্রভাবশালী পরিবারের আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনালী এলাকার একটি গুরুত্বপূর্ণ জমি প্রথমে দখল করে সেখানে ‘শেখ রাসেল স্মৃতি সংঘ’ নামে একটি ক্লাব গড়ে তোলা হয়। তবে গত ৫ তারিখে সরকার পতনের পর পরিস্থিতি পাল্টালেও দখলদারিত্ব থেমে থাকেনি বরং নতুন করে রাসেল ও বর্তমান বিএনপির নাম ভাঙ্গানো দুই একজনকে সাথে নিয়ে একই স্থানে ‘সোনালী স্পোর্টিং ক্লাব’ নামে আরেকটি সংগঠনের ব্যানারে পুনরায় জমি দখলের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, এই দখল প্রক্রিয়া শান্তিপূর্ণ নয়; বরং শক্তি প্রদর্শন, ভয়ভীতি এবং প্রভাব খাটিয়ে জমি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, রাজনৈতিক পালাবদল হলেও দখলবাজদের চরিত্র বদলায়নি—শুধু রং পরিবর্তন হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এই জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকানা নিশ্চিত করা হোক এবং যারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের সম্পদ দখল করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।