সৈয়দ উসামা বিন শিহাব, ঢাকা উত্তর ব্যুরো প্রধান: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের প্রধান আশিকুর রহমান শান্ত ওরফে আশিক এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সালকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫২ হাজার ৪৯৬ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মিরপুর ক্যাম্পের সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আশিক দীর্ঘদিন ধরে মিরপুর, রূপনগর ও পল্লবী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের আওতায় সেনাবাহিনী মোতায়েনের পর এটি তার তৃতীয়বার গ্রেপ্তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সেনাবাহিনী বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকায় পৃথক অভিযান চালায়। এসব অভিযানে আরও দুই চিহ্নিত মাদক কারবারি—সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লা (৩৬)-কে আটক করা হয়। এ সময় ৬৫ কেজি গাঁজা, ৬২০ পিস ইয়াবা এবং নগদ ৩২ হাজার ২৯৫ টাকা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে সোমবার দুপুরে পল্লবী এলাকায় আবারও সন্ত্রাসী তৎপরতায় জড়িয়ে পড়ে আশিক। এ সময় তার নেতৃত্বে একটি দল একটি বাসার কেয়ারটেকারের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও কিশোর গ্যাং দমনে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}